বর্ণিল সব আয়োজনে ঈদ অনুষ্ঠান প্রচার করবে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা। অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নাটক, টেলিফিল্ম, ম্যাগাজিন অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, সেলিব্রেটি শো, রম্য ম্যাগাজিন, একক নাটক, ধারাবাহিক নাটকসহ বিবিধ অনুষ্ঠান। তবে এসব অনুষ্ঠানের পাশাপাশি এবারের ঈদে ৩টি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারসহ ২০টি বাংলা চলচ্চিত্র প্রচার করবে চ্যানেলটি। ১০ দিনব্যাপী ঈদ আয়োজনের প্রতিদিনই প্রচার হবে দুটি করে ছবি। একটি প্রচার হবে সকাল ১০টা ২০ মিনিটে, আর অন্যটি বিকেল ৩টায়। ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত বিকেল ৩টায় টিভি প্রিমিয়ারে দর্শকদের জন্য থাকছে জনপ্রিয় সব চলচ্চিত্র। ঈদের দিন বিকেল ৩টায় প্রচার হবে এম এম সরকার পরিচালিত চলচ্চিত্র ‘পাগল মানুষ’। ছবিটিতে অভিনয় করেছেন শাবনূর, শাহের খান, মিশা সওদাগর প্রমুখ। তারেক শিকদার পরিচালিত ‘দাগ হূদয়ে’ প্রচার হবে ঈদের পরদিন। ছবিটিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম, বাপ্পী চৌধুরী, আঁচল প্রমুখ। এ কে সোহেল পরিচালিত ‘পবিত্র ভালোবাসা’ চলচ্চিত্রটি প্রচার হবে ঈদের ৩য় দিন। এতে অভিনয় করেছেন মাহিয়া মাহী, ফেরদৌস, মৌসুমী প্রমুখ। উল্লেখ্য, এই ৩টি ছবি ছাড়া অন্য যে ১৭টি ছবি প্রচার হবে তার মধ্যে ১২টি ছবিতে অভিনয় করেছেন শাকিব খান এবং ৮টি ছবিতে অপু বিশ্বাস অভিনয় করেছেন। শাকিব খান অভিনীত অন্যান্য চলচ্চিত্রের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন শাবনূর, পূর্ণিমা, সাহারা ও পরিমণি।
