বাবর আজম কি পারবেন অতিমানবীয় কিছু করে পাকিস্তানের মান বাঁচাতে

আপডেট : ১৫ মার্চ ২০২২, ২৩:১৪

প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় করাচি টেস্টের লাগাম অনেকটাই হারিয়ে ফেলেছিল পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য পাকিস্তানকে ৫০৬ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া। পর্বতসম টার্গেট পাড়ি দেওয়ার চ্যালেঞ্জে নেমে ২১ রানেই ২ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।

তবে মঙ্গলবার (১৫ মার্চ) ম্যাচের চতুর্থ দিনটা স্বস্তি নিয়েই শেষ করেছে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ও ওপেনার আব্দুল্লাহ শফিকের ব্যাটিং দৃঢ়তায় হার এড়াতে লড়ছে পাকিস্তান দল।

করাচি টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৯২ রান। ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি করা বাবর আজম ১০২ রানে ও আব্দুল্লাহ শফিক ৭১ রানে অপরাজিত আছেন। ম্যাচ বাঁচাতে বুধবার পঞ্চম দিনে ৯০ ওভার ব্যাটিং করতে হবে বাবরদের। জয়ের জন্য প্রয়োজন ৩১৪ রান। হাতে রয়েছে ৮ উইকেট।

১৭১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন বাবর আজম ও আব্দুল্লাহ শফিক। ছবি: এএফপি/গেট্টি ইমেজ

মঙ্গলবার আরও ১৬ রান যোগ করে ২ উইকেটে ৯৭ রান তুলেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ম্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জের শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। দলীয় ২ রানে ইমাম উল হককে (১) এলবির ফাঁদে ফেলেন লিঁও। ২১ রানে আজহার আলি (৬) গ্রিনের শিকার হন। তারপর দলের হাল ধরেন বাবর-শফিক। ১৭১ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন তারা। দুই বছর পর টেস্টে সেঞ্চুরি করেছেন বাবর।

বুধবার শেষ দিনের উইকেটে টিকে থাকার চ্যালেঞ্জ পাড়ি দিতে হবে পাকিস্তানকে। কাজটা কঠিন করে ফেলতে সর্বাত্মক চেষ্টাই করবে প্যাট কামিন্সের দল।

ইত্তেফাক/টিএ