ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনীকে ডুবিয়ে দিলো নবাগত রুপগঞ্জ

আপডেট : ১৫ মার্চ ২০২২, ২৩:৪৬

পাশার দান উল্টে দেওয়ার প্রাথমিক কাজটা দিনের শুরুতেই করেছিল নবাগত রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। প্রথম বিভাগ থেকে ওঠে আসা ক্লাবটি মঙ্গলবার (১৫ মার্চ) সকালে টস জিতেই আবাহনী লিমিটেডকে ব্যাটিংয়ে পাঠায়। সকালের সূর্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটের ময়শ্চার কাজে লাগিয়ে আবাহনীর ব্যাটিং মেরুদন্ড ভেঙে দেন রুপগঞ্জের বোলাররা।

৪৮ রানে ৪ উইকেট হারানো দলটাকে বিপদের অগ্নিগর্ভ থেকে টেনে তুলেছিল নাঈম শেখের সেঞ্চুরি। কিন্তু দিনশেষে হার এড়াতে তা যথেষ্ট হয়নি। বোলিংয়ের পর দুই ওপেনারের ব্যাটিং দৃঢ়তায় ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে আবাহনীকে ডুবিয়ে দেওয়ার কাজটা সফলভাবে সম্পন্ন করেছে রুপগঞ্জ। নাঈমের সেঞ্চুরিটা ম্লান হয়ে গেছে জাকির হাসানের সেঞ্চুরিতে। মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে রুপগঞ্জ ৭ উইকেটে পরাজিত করেছে শক্তিশালী আবাহনীকে।

বৃথা গিয়েছে নাঈম শেখের সেঞ্চুরি

মিরপুরে মুকিদুল-শফিকুলের তোপে ভেঙে পড়ে আবাহনীর টপ অর্ডার। মুনিম শাহরিয়ার (১), জাকের আলি (৪), তৌহিদ হৃদয় (৭), নাজিবউল্লাহ জাদরান (৩) দ্রুত ফিরে যান। নাঈম শেখ ও অধিনায়ক মোসাদ্দেকের ৭৭ রানের জুটিতে বিপর্যয় কাটিয়ে উঠে আবাহনী। লিস্ট-এ ক্রিকেটে নাঈম শেখের পঞ্চম সেঞ্চুরিতে আবাহনী ৯ উইকেটে ২৫৫ রান তুলেছিল। নাঈম ১৩২ বলে ১১৫ রান (১০ চার, ২ ছয়) করেন। মোসাদ্দেক ৩৭, শামীম পাটোয়ারি ১৫, সাইফউদ্দিন অপরাজিত ৪০ রান করেন। রুপগঞ্জের মুকিদুল ৩টি, শরীফউল্লাহ-ফরহাদ রেজা ২টি করে ও শফিকুল ১টি উইকেট পান।

দুই ওপেনার মিজানুর রহমান-জাকির হাসানের ১৬৬ রানের জুটির কল্যাণে রুপগঞ্জের সামনে টার্গেটটা সহজ হয়ে যায়। ৪২ ওভারে ৩ উইকেটে ২৫৯ রান তুলে প্রিমিয়ার লিগ অভিষেকেই জয় পায় রুপগঞ্জ। মিজানুর ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। তিনি ৯৩ রান করেন। জাকির লিস্ট-এ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি তুলে নেন। ১১৬ বলে ১১৭ রান (১৫ চার, ২ ছয়) করে আউট হন বাঁহাতি এ ওপেনার। মার্শাল অপরাজিত ২৩, ফজলে রাব্বি অপরাজিত ১০ রান করেন। জাকির ম্যাচ সেরা হন।

পরাজয়ের পর মলিন মুখে আবাহনীর খেলোয়াড়রা

বিকেএসপিতে দিনের অপর দুই ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও লেজেন্ডস অব রুপগঞ্জ জয় পেয়েছে। বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ৫০ রানে হারিয়েছে প্রথম বিভাগ থেকে ওঠে আসা সিটি ক্লাবকে। প্রাইম ব্যাংক আগে ব্যাট করে ৮ উইকেটে ২৬৫ রান তুলেছিল। বিজয় ৬০, অভিমন্যু ঈশ্বরন ৩০, নাসির ৩২, শামসুর ৪৫, অলক কাপালি ৪০, মেহেদী হাসান ২৭ রান করেন। জবাবে সিটি ক্লাব ৪৫.২ ওভারে ২১৫ রানে অলআউট হয়। বোলিংয়েও ৩ উইকেট নেয়ায় অলরাউন্ডার মেহেদী হাসান ম্যাচ সেরার পুরস্কার জিতেন।

বিকেএসপির ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৪৭ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে লেজেন্ডস অব রুপগঞ্জ। আগে ব্যাট করে রুপগঞ্জ ৭ উইকেটে ২৯১ রানের পুঁজি গড়ে। ম্যাচ সেরা নাঈম ইসলাম ৯২, রাকিবুল ৪৬, চিরাগ জানি ৪৭, সাব্বির ৪২ রান করেন। জবাবে ৩০.৪ ওভারে ১৪৪ রানে গুটিয়ে যায় গাজী ক্রিকেটার্সের ইনিংস।

ইত্তেফাক/টিএ