রুশ সরঞ্জামে বিধ্বংসী আঘাত হানা হয়েছে: ইউক্রেনীয় বাহিনী

আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৩:১০

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে যে, রুশ সেনাদের সরঞ্জামে বিধ্বংসী আঘাত হানা হয়েছে। বুধবার (১৬ মার্চ) স্থানীয় সময় সকালে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেছে তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত রুশ বাহিনীর ৩টি যুদ্ধবিমান, একটি হেলিকপ্টার, ৩টি সামরিক যান ও ২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানায় ইউক্রেনীয় বাহিনী। তবে এসব দাবির কোনোটিই যাচাই করতে পারেনি বিবিসি।

ইউক্রেনের সেনাবাহিনী জানায়, শহরের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ক্রমাগত হামলা করে যাচ্ছে রুশ বাহিনী। তবে বেশিকিছু জায়গায় অগ্রসর হতে ব্যর্থ হয়েছে তারা। বিশেষ করে দোনেস্ক, লুহানস্ক ও মাইলোকাইভে তারা কোনো সুবিধা করতে পারেনি। রুশ বাহিনী ক্রমশ তাদের সদস্যদের হারাচ্ছে।

এর আগে এক বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনী জানায়, দখলকৃত একালাগুলোতেও রুশ সেনারা সুনিধা করতে পারছে না। পরিস্থিতির সামাল দিতে মিলিটারি ক্যাডেটদের সহায়তা নেওয়া হচ্ছে। এমনকি বিদেশী সেনাদের থেকেও তারা সাহায্য নেওয়ার চেষ্টায় আছে।

ইত্তেফাক/টিআর