কাঠালিয়ার বরখাস্তকৃত সাবেক অধ্যক্ষ বাদশাকে কারাগারে প্রেরণ

আপডেট : ১৭ মার্চ ২০২২, ০৩:০১

অর্থ আত্মসাৎ, নিয়োগ জালিয়াতি, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগের মামলায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া শহিদ রাজা ডিগ্রি কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ আবুল বসার বাদশাকে জেলে পাঠানো হয়েছে। 

সোমবার (১৭ মার্চ) দুপুরে আবুল বসার বাদশা ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইতে গেলে বিচারক মো. পারভেজ শাহরিয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৩ জানুয়ারি ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবুল কালাম আজাদ মামলাটির চার্জশিট আমলে নিয়ে বরখাস্তকৃত অধ্যক্ষ আবুল বসার বাদশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বিবরণে জানা যায়, আবুল বসার বাদশা আমুয়া শহিদ রাজা ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ পদে ২০১৫ সালের ৩১ মার্চ যোগদান করে ২০১৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত কর্মরত ছিলেন। পরে ২০১৬ সালের ১ মে তারিখে সনদ জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে ঐ কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করার পর থেকে তিনি কলেজের নিয়োগ বাণিজ্য, নিয়োগ জালিয়াতি, দুর্নীতি ও কলেজের তহবিল থেকে ৫১ লাখ ৪৭ হাজার ১৪৬ টাকা আত্মসাৎ করেন। এসব অভিযোগে গত ১০ মার্চ ২০২০ তারিখ তাকে কলেজ থেকে বরখাস্ত করা হয়। পরে কলেজের সহকারী অধ্যাপক সমীর কুমার সাহাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমী কুমার সাহা গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক নিয়োগ জালিয়াতি, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে বরখাস্তকৃত অধ্যক্ষ আবুল বসার বাদশার বিরুদ্ধে ঝালকাঠি আদালতে ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে মামলা দায়ের করেন।

ইত্তেফাক/এমএএম