বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০২তম জন্মবার্ষিকী এবং ‘জাতীয় শিশু দিবস -২০২২’ উপলক্ষে ইতালিতে অনুষ্ঠিত হয়ে গেলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
মঙ্গলবার (১৫ মার্চ) মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এই প্রতিযোগিতার আয়োজন করে।
মিলানে কনস্যুলেট অফিস মিলনায়তনে প্রবাসী বাংলাদেশি কোমলমতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে এক অনাড়ম্বর পরিবেশ সৃষ্টি হয়। বঙ্গবন্ধু সম্পর্কে প্রতিটি শিশুর মাঝে সম্যক ধারণা ও জ্ঞানের ছটা ছড়িয়ে দেওয়ার লক্ষেই এ আয়োজন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তুলির আঁচড়ে ফুটে ওঠে বঙ্গবন্ধুর রাশভারী চেহারা। ফুটে ওঠে চিরাচরিত গ্রামীণ দৃশ্যপট ও প্রকৃতির প্রতিচ্ছবি।
প্রতিযোগিতায় অংশ নেয় আরিয়ান, শারহান জাবেদ, রায়হান খান তাজ, সামিনা আহসান, সুমাইয়া কাজী, উম্মে হাবিবা, আশরাফুল তানজিনা ইস্রা, তাসলিম জোহা, সানিন হোসেন, নাফিজ মাতুব্বর প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ, সিনিয়র ভাইস কনসাল মো. শামসুল আহসান সহ কনস্যুলেটের সদস্যরা ও অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অভিভাবকবৃন্দ।
এই প্রতিযোগিতার মাধ্যমে বঙ্গবন্ধু চিরকাল বেঁচে থাকবেন শিশুদের অন্তরে। এমনটাই প্রত্যাশা সকলের।
