রংপুরে ২৯৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৮:১২

রংপুর নগরীর তাজহাট এলাকায় চেকপোস্ট স্থাপন করে ২৯৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব -১৩। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান, ১৬ মার্চ রাতে র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর তাজহাট থানাধীন এরশাদ নগরএলাকায় বিপ্লব ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করে। এ সময় পাথরভর্তি একটি ট্রাক তল্লাশি করে ২৯৬ বোতল ফেন্সিডিল, ৪৩০ সেফটি পাথর এবং মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ট্রাকটিসহ মাদক ব্যবসায়ী মো. মোকছেদুল হক (২৪) ও মো. মিজানুর রহমান (২৫)-কে গ্রেফতার করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তাদের বিরুদ্ধে রংপুর মহানগরীর তাজহাট থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি