যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে অতিরিক্ত আরও ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই সহায়তার অংশ হিসেবে ইউক্রেনকে ১০০টি ‘কিলার ড্রোন’ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ‘বিশেষভাবে’ কিলার বা সুইচব্লেড ড্রোন দিচ্ছে বলে এই সিদ্ধান্ত সম্পর্কে জ্ঞাত দুটি সূত্র এ খবর জানিয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
পরিচয় না প্রকাশ করার শর্তে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ওই কর্মকর্তারা জানিয়েছেন, যে অস্ত্র পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে তা হচ্ছে সুইচব্লেড ৩০০। ব্যাগপ্যাকে বহন করার মতো ছোট এই মারণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের বাহিনীগুলোতে ‘কামাকাজি ড্রোন’ হিসেবে পরিচিত। ছোট, সহজে বহনযোগ্য, তথাকথিত এই কামাকাজি ড্রোনগুলো নিজেই একটি ক্ষেপণাস্ত্র হিসেবে কাজ করে। এর সামনের অংশে বিস্ফোরক থাকে এবং লক্ষ্যস্থলে আঘাত করে এটি আত্মঘাতী বিস্ফারণ ঘটায়। যুক্তরাষ্ট্রের এয়ারোভায়রনমেন্ট কোম্পানির উৎপাদিত এসব ড্রোনের সবচেয়ে ছোট সংস্কারটিও ৬ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে কোম্পানিটির দেওয়া তথ্যে জানা গেছে।
মার্কিন কংগ্রেসের কর্মকর্তারা এনবিসি নিউজকে বলেছেন, এই ক্ষেপণাস্ত্র পদ্ধতি ‘নির্দিষ্ট ব্যক্তিকে আঘাত করার জন্য’ নকশা করা হয়েছে। কয়েক মাইল দূর থেকেও এ ড্রোন ক্ষেপণাস্ত্রটিকে এর লক্ষ্যস্থলের দিকে নির্ভুলভাবে ছোড়া যাবে বলে জানিয়েছেন তারা। এই অস্ত্রগুলো রাশিয়ার ডিজাইনের হওয়া সত্ত্বেও ইউরোপীয় ন্যাটো জোটের কিছু সদস্য দেশের কাছেও এগুলো আছে। তাই ইউক্রেনের সামরিক বাহিনী এগুলো সহজেই ব্যবহার করতে পারবে বলে ধারণা মার্কিন সামরিক বিশেষজ্ঞদের।
ইউক্রেইনের কী কী অস্ত্র ও কারিগরি সহায়তা দরকার, তার একটি খসড়া তালিকা নিয়ে রবিবার মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গে আলোচনা করেছিলেন কিয়েভের কর্মকর্তারা। ওই তালিকায় এ সুইচব্লেড ড্রোনও ছিল। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ইউক্রেনকে ৮০ কোটি ডলারের যে নিরাপত্তা সহায়তা দেওয়া হচ্ছে তার মধ্যে আছে ৮০০ স্টিংগার বিমানবিধ্বংসী পদ্ধতি, ১০০ ড্রোন, ২ কোটি রাউন্ডেরও বেশি ছোট অস্ত্রের গুলি এবং লঞ্চার ও মর্টারের গোলা, ২৫ হাজার সেট বডি আর্মার, ২৫ হাজার হেলমেট, ১০০ গ্রেনেড লঞ্চার, ৫ হাজার রাইফেল, ১০০০ পিস্তল, ৪০০ মেশিন গান, ৪০০ শটগান, ২০০০ ট্যাংক বিধ্বংসী জেভলিন ক্ষেপণাস্ত্র, ১০০০ হালকা অ্যান্টি-ট্যাঙ্ক গান এবং ৬০০০ এটি-৪ অ্যান্টি-ট্যাঙ্ক সিস্টেম।
ইউক্রেনের পেÌসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কংগ্রেস একটি ভার্চুয়াল ভাষণে আরও সাহায্যের জন্য মরিয়া আবেদন জানানোর পর বাইডেন যুদ্ধরত দেশটির জন্য ওই অতিরিক্ত সামরিক সহায়তার ঘোষণা দেন। তবে জেলেনস্কি ‘নো ফ্লাই জোন’ বা যুদ্ধবিমান দেওয়ার অনুরোধ জানালেও যুক্তরাষ্ট্র সেই দিকে না গিয়ে এসব অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে।
