ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- নবীপুর গ্রামের আবু হাশেম মিয়ার স্ত্রী জমিলা আক্তার (৬৫) ও তাঁর ছোট বোন লাপাং গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী হেনা বেগম (৬০)।
জানা গেছে, উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নবীপুর গ্রামে দুইবোন রোজা রাখার জন্য সেহেরী খাওয়ার উদ্দেশ্যে রান্না ঘরে এসে গ্যাসের চুলা জ্বালাতেই পুরো ঘরে আগুন ধরে যায়। এসময় স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথিমধ্যেই মৃত্যু হয়।
নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন বলেন, তাদের ঘরে গ্যাস সিলিন্ডারে ফুটো (লিকেজ) ছিল। সিলিন্ডার লিকেজ হয়ে পুরো ঘরে গ্যাস ছড়িয়ে পড়েছিল। সকালে খাবার গরম করতে গিয়ে দেশলাই জ্বালাতেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দুই বোনের শরীর ঝলসে যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে দুজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

একটি কক্ষেই প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠদান!