কানাডায় এখন থেকে মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমেও এনভিআর (NVR) ভিসা নেওয়া যাবে। ফলে কানাডায় বসবাসরত বাংলাদেশিদের বাংলাদেশ ভ্রমণে এনভিআর ভিসা পেতে ভোগান্তির অবসান হলো।
বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষে দূতাবাস আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের হাই কমিশনার ড. খলিলুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এখন থেকে মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমেও এনভিআর (NVR) ভিসা প্রদান করা হবে।’
উল্লেখ্য, অটোয়ায় বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশ সরকারের বিদ্যমান নিয়মকে উপেক্ষা করে ১ জানুয়ারি থেকে ‘নতুন নিয়ম’ চালু করায় প্রবাসীরা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। সেজন্য প্রবাসীদের মধ্য অসন্তোষ তৈরি হয়। অভিবাসীরা পাসপোর্ট, ভিসা, নো-ভিসা পেতে জটিলতা অবসানের দাবিতে গত ৬ মার্চ এক প্রতিবাদ সভার আয়োজন করে। তার আগে গত ৩ মার্চ দৈনিক ইত্তেফাক অনলাইনে ‘বাংলাদেশি কানাডিয়ানদের নো-ভিসা পেতে ভোগান্তি’ শীর্ষক খবর পরিবেশিত হয়। তার দুই সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

বাংলাদেশি কানাডিয়ানদের নো-ভিসা পেতে ভোগান্তি