সোনাতলায় কিনোয়া আবাদে লাভবান কৃষক

আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৫:৫৬

বগুড়ার সোনাতলায় যমুনার চরে একটি নতুন ফসল উৎপাদন করে চমক সৃষ্টি করেছেন কৃষক জাহিদুল ইসলাম। ফসলটির নাম ‘কিনোয়া’। একমাত্র তিনিই সোনাতলায় প্রথম এ ফসল উৎপাদন করেন। 

বাম্পার ফলন হয়েছে কিনোয়ার। বিঘাপ্রতি ফলন হয়েছে সাড়ে চার মণ। কৃষক জাহিদুল ইসলাম ও স্থানীয়রা ফলন দেখে বেশ খুশি। কিনোয়ার দানা দেখতে কাউনের মতো। আর গাছ দেখতে বতুয়া গাছের মতো। 

জাহিদুল ইসলাম জানান, আজ থেকে তিন মাস আগে আমার বন্ধু সেনা কর্মকর্তা রুহুল আমিন ঢাকা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক প্রফেসর ডক্টর পরিমল চন্দ্রের কাছ থেকে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে সাত কেজি কিনোয়া বীজ সংগ্রহ করে দেন। এছাড়া ফসলটি উৎপাদন পদ্ধতি সংক্রান্ত যাবতীয় নিয়ম জানিয়ে দেন। সেই মোতাবেক ভিকনেরপাড়ায় যমুনার দুর্গম চরে নিজস্ব সাত বিঘা জমিতে কিনোয়ার আবাদ করি। এবার প্রথম বার হিসেবে ফলন হয়েছে বাম্পার। প্রতি বিঘায় ফলন হয়েছে প্রায় পাঁচ মণ। 

উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ বলেন, বিস্তীর্ণ চর এলাকার জন্য কিনোয়া একটি উপযোগী ফসল। এটি খাদ্যশস্য। লাভজনক ও পুষ্টিসমৃদ্ধ খাবার। এর ফলন হয় ভালো। আগামীতে এ এলাকায় কিনোয়ার আবাদ আরো বাড়বে বলে তিনি আশাবাদী। 

ইত্তেফাক/এআই