ককটেল বিস্ফোরণে আহত ২ ভাই 

আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৮:১৭

শিবগঞ্জে আম বাগানে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই ভাই আহত হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) বেলা ৩ টার দিকে শিবগঞ্জ স্টেডিয়াম রোড সংলগ্ন একটি আমবাগানে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা দুই শিশু হলো, শিবগঞ্জ পৌর এলাকার চতুরপুর মহল্লার আনারুল ইসলামের ছেলে ও আলীডাঙা জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রিমন আলি ইমন (১১) ও তার ছোট ভাই ইকবাল (৭)।   

আহত শিশুর মা শিউলি বেগম জানান, দুপুরের খাবার খেয়ে রিমন ও ইকবাল শিবগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন পশ্চিম দিকের আমবাগানে গাছের পাতা কুড়াতে গিয়ে রিমন একটি পরিত্যক্ত ককটেল দেখে পা দিয়ে চালানোর চেষ্টা করলে ককটেলটি বিস্ফোরিত হয়। এ সময় রিমনের বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়। পরে আহত রিমনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয় এবং আহত ইকবালকে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা।  

অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

ইত্তেফাক/এআই