আরও দুই স্বর্ণজয় বাংলাদেশের, একটিতে প্রতিপক্ষ ভারত

আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৭:৩০

দিনের শুরুতে আজ এশিয়া কাপ আর্চারির ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং স্টেজ ওয়ানে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে স্বর্ণপদক জিতে বাংলাদেশ। এর কিছুক্ষণ পর আবারও সোনা জয় বাংলাদেশের। এবারও প্রতিপক্ষ ভারত। রিকার্ভ নারীদের দলগত ইভেন্টে সোনা এনে দিয়েছেন বাংলাদেশের দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফামিদা সুলতানা।

শনিবার (১৯ মার্চ) থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়েছে বাংলার নারীরা। এই প্রতিযোগিতায় এটি বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণপদক।

প্রথম সেটে বাংলাদেশে ৪৭-৪৮ পয়েন্টে হেরে যায়। পরের সেটে ঘুরে দাঁড়িয়ে ৫৪-৪৫ ব্যবধানে জয় পায় দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফামিদা সুলতানা। তৃতীয় সেটও জিতে নেয় বাংলাদেশ, ৬০-৫৬ পয়েন্টে। চতুর্থ সেট আবারও ভারত জয় পায়, ৫৬-৫০ পয়েন্টে। এরপরই ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে বাংলাদেশ জয় পায় ২৮-২৭ পয়েন্টে।

এর ঘণ্টাখানেক পর রিকার্ভ নারী এককের ফাইনালেও স্বর্ণ জিতেছে বাংলাদেশ। রুপাও পেয়েছে বাংলাদেশ। কারণ, ফাইনালের প্রতিপক্ষ দু'জনই বাংলাদেশি। সোনা পেয়েছেন নাসরিন আক্তার ও রুপা দিয়া সিদ্দিকী।

ইত্তেফাক/টিএ