লৌহজংয়ে বেইলি ব্রিজ ভেঙে আহত ২, যানচলাচল বন্ধ

আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৮:০৯

মুন্সীগঞ্জের লৌহজং ঘৌলতলী এলাকায় মালবোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। 

শুক্রবার (১৮ মার্চ) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে দুর্ঘটনা কবলিত ট্রাকের চালকসহ দুইজন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

এদিকে ব্রিজ ভেঙে পড়ায় মুন্সীগঞ্জ-টঙ্গীবাড়ী-মাওয়া আন্ত জেলা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে এই পথে চলাচলকারী যাত্রীরা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে লৌহজং থেকে টঙ্গীবাড়ীর অভিমুখে কাঠের মালামাল বোঝাই একটি ট্রাক ঘৌলতলী বেইলি ব্রিজ অতিক্রম করছিলো। ট্রাকটি ব্রিজের মাঝামাঝি স্থানে পৌঁছালে বিকট শব্দে ট্রাকসহ ভেঙে পড়ে ব্রিজটি। এ সময় চালকসহ ২ জন সামান্য আহত অবস্থায় ট্রাক থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে দুর্ঘটনার সময় অন্য কোনো যানবাহন বা পথচারী ব্রিজে ছিলো না।

লৌহজং থানার ওসি মো. আব্দুল্লাহ আল তায়াবির জানান, গাড়ির চালকসহ দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে চলে গেছে। দুর্ঘটনার কবলিত ট্রাকটি ওই স্থানেই রয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

ইত্তেফাক/এমএএম