ডমিঙ্গোকে ছাঁটাই করবে না বিসিবি!

আপডেট : ১৯ মার্চ ২০২২, ২০:২৪

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিতর্কিত কোচ সম্ভবত রাসেল ডমিঙ্গো। দুইদিন আগে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন, প্রোটিয়া কোচকে নিয়ে ক্রিকেটারদের মাঝে অসংখ্য অভিযোগ আছে। ড্রেসিংরুমেও ভালো পরিবেশ নেই। মাশরাফির এই কথা কিন্তু উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ, টাইগারদের আজকের অবস্থানে আসার পেছনে নড়াইল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটারের ভূমিকা অনেক বেশি।

মাশরাফির ভাষ্য, কোচ হিসেবে ডমিঙ্গোর সাফল্যের চেয়েও ব্যর্থতার পাল্লা বেশি। তার অধীনে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে পরাজয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি, পাকিস্তানের বিপক্ষে সব ফরম্যাটে হোয়াইটওয়াশ অন্যতম। এর বাইরেও বিভিন্ন বিতর্কিত কারণে বারবার সমালোচনার মধ্যে থাকেন ডমিঙ্গো। যার মধ্যে অন্যতম, কেবল বাংলাদেশের সিরিজ বা টুর্নামেন্ট চলাকালীনই তিনি দলের সঙ্গে থাকেন। বাকিটা সময় ছুটিতে চলে যান। দেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে তার কোনো আগ্রহ নেই। দলে কোনো কারণ ছাড়াই ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা চালান প্রোটিয়া এই কোচ।

তাকে নিয়ে প্রথম থেকেই অসন্তুষ্ট ক্রিকেটাররা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ডমিঙ্গোকে বাদ দেওয়ার প্রসঙ্গও জোড়ালো হয়। কিন্তু তখন তাকে বাদ দেওয়া সম্ভব হয়নি। বিসিবি যুক্তি দিয়েছিল, বিকল্প কোচ খুঁজে না পাওয়ার আগ পর্যন্ত ডমিঙ্গোই থাকছেন। এর মাঝেই গুঞ্জন ওঠে, চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজই হতে যাচ্ছে বাংলাদেশের কোচ হিসেবে তার শেষ এসাইন্টমেন্ট। কিন্তু সেটা সম্ভবত আর হচ্ছে না।

কারণ, গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই বিপক্ষে টেস্ট জয় করে বাংলাদেশ। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষেও ভালো খেলেছে। এবার দক্ষিণ আফ্রিকায় আরও এক ইতিহাস সৃষ্টি। প্রথমবারের মতো প্রোটিয়াদেরকে তাদেরই মাটিতে হারানোর গৌরব অর্জন। ব্যর্থতার জন্য যেমন প্রোটিয়া কোচকে দোষারোপ করা হয়, ঠিক একইভাবে সফলতার জন্য তাকেও কৃতিত্ব দিতে হবে।

এবার সম্ভবত ডমিঙ্গো টিকে যাচ্ছেন। কারণ, তার হাত ধরেই নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো সাফল্য ধরা দিয়েছে। তবে এটা কেবলই একটা ধারণা। এই সিরিজ শেষেই হয়তো বিসিবি ডমিঙ্গোকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

ইত্তেফাক/টিএ