২০ রমজান পর্যন্ত সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
শনিবার (১৯ মার্চ) দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।
তিনি বলেন, করোনার কারণে দীর্ঘদিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এ কারণে শিক্ষার্থীদের পড়ালেখার অনেক ক্ষতি হয়েছে। তাদের ক্ষতি পুষিয়ে নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শতবর্ষপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন- ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন- রংপুর বিভাগের প্রাথমিকের উপ-পরিচালক মোজাহিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান প্রমুখ।
