আনোয়ারায় বাণিজ্যিক ভাবে পেঁয়াজের আবাদ

আপডেট : ২০ মার্চ ২০২২, ১২:৫৯

আনোয়ারায় প্রথম বারের মতো বাণিজ্যিকভাবে পেঁয়াজের আবাদ হয়েছে। কৃষকদের মধ্যেও আগ্রহ বাড়ছে। আনোয়ারায় পেঁয়াজের চাষাবাদ প্রথম বার হলেও আশানুরূপ ফলনের স্বপ্ন দেখছে তারা। 

উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে, আনোয়ারায় প্রায় ১৪ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। আবাদ হওয়া জাতের মধ্যে রয়েছে দেশি পেঁয়াজ, তাহের পুরী পেঁয়াজ। 

হাইলধর ফকিরার চরের কৃষক সালাউদ্দিন বলেন, আগে মরিচের মধ্যখানে অল্প-স্বল্প পেঁয়াজ রোপণ করতাম। তবে এ বছর প্রথম বারের মতো স্বতন্ত্রভাবে পেঁয়াজের চাষ করেছি। চারা ভালো হয়েছে। আশা করছি ভালো ফলন হবে। 

বৈরাগের মোহাম্মদপুর এলাকার কৃষক শাহ আলম বলেন, এ বছর অন্য সবজির পাশাপাশি কৃষি কর্মকর্তাদের পরামর্শে পেঁয়াজের আবাদ করেছি। আশা করছি ফসল উৎপাদনে সাফল্য পাব। 

উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, দেশের পেঁয়াজের চাহিদা মেটাতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। তাই আমরাও কৃষকদের পেঁয়াজ আবাদে আগ্রহী করে তুলতে কাজ করে যাচ্ছি। প্রথম বারের মতো পেঁয়াজের আবাদ হলেও চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছতে পারব। আশা করছি আগামীতে উপজেলায় পেঁয়াজ চাষ বাড়বে। 

ইত্তেফাক/এআই