ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আশুগঞ্জ-ভৈরব রেলওয়ে ব্রিজে মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন, আশুগঞ্জ উপজেলার চর-চারতলা গ্রামের মো. মিলন মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই এলাকার আবুল মিয়ার ছেলে মো. জনি মিয়া (১৯), একই উপজেলার যাত্রাপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে বিজয় (১৯) ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দৌলতকান্দি গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে মো. শিবলী মাহমুদ (২৯)।
গতকাল রবিবার দুপুরে র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস-বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত সাগর মিয়ার নেতৃত্বে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আশুগঞ্জ রেলওয়ে ব্রিজে ট্রেন থেকে যাত্রীদের মোবাইল ফোন ছিনতাই করে আসছিলো।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছিনতাইকারীরা ট্রেন আসার আগে ব্রিজের রেলিং ধরে ছিনতাইয়ের জন্য ওঁত পেতে থাকতো। ট্রেন ব্রিজের উপর আসলে কোন যাত্রী যখন ব্রিজ এবং মেঘনা নদীর প্রাকৃতিক দৃশ্য ধারণ করার জন্য মোবাইল বের করে ছবি তুলতো তখন ছিনতাইকারীরা আকস্মিকভাবে থাবা দিয়ে তাদের মোবাইল সেট নিয়ে যেত। কখনো কখনো ছিনতাইকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে যাত্রীদের হাতে আঘাত করতো। ছিনতাইকৃত মোবাইল ফোনগুলো মো. শিবলী মাহমুদসহ বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করতো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
