তালতলীতে ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২১ মার্চ ২০২২, ১২:২০

বরগুনার তালতলীতে শনিবার রাতে বেহালা-শানুর বাজার ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এতে বিপদে পড়েছে প্রায় ১০ গ্রামের মানুষ। ছোট্ট ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে তাদের পারাপার হতে হচ্ছে। এই ব্রিজটি প্রায় ১৫ বছর ধরে ঝুঁকিপূর্ণ ছিল। শনিবার রাত ১০টার দিকে হঠাৎ ব্রিজটি খালে ভেঙে পড়ে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয় প্রকৌশলী বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের বেহালা-শানুর বাজার খালের ওপর ব্রিজটি প্রায় ২০ বছর আগে নির্মাণ করা হয়। এরপর থেকে আর কোনো সংস্কার হয়নি। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় ব্রিজের লোহার এঙ্গেলগুলো নোনা পানিতে নষ্ট হয়ে যায়। এই সেতু দিয়ে প্রায় ১০ গ্রামের মানুষ তালতলী সদর বাজারসহ জেলা শহরে চলাচল করে। তাছাড়া বেহালা মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী আসা-যাওয়া করে। সেতুটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থীদের চলাচল বন্ধ হয়ে গেছে। ব্যাহত হচ্ছে তাদের লেখাপড়া। রবিবার দুপুরের দিকে দেখা যায়, ব্রিজটি সম্পূর্ণ ধসে খালের পানির মধ্যে পড়ে আছে। আর ব্রিজটির দুই পাড়ে স্কুল শিক্ষার্থী ও ব্যবসায়ীরা হাটবাজারে যাওয়ার জন্য পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে, পারাপারের জন্য ঝুঁকি নিয়েই ডিঙি নৌকায় খাল পার হচ্ছে।

স্থানীয় শানু হাওলাদার বলেন, ব্রিজের পাশে আমার বাড়ি। রাত ১০টার দিকে হঠাৎ বিকট শব্দ পাই। এরপরে গিয়ে দেখি ব্রিজটি ভেঙে খালে পড়ে গেছে। তিনি আরো বলেন, এই ব্রিজটি প্রায় ১৫ বছরেও বেশি সময় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে আছে। নতুন ব্রিজ নির্মাণের আবেদন করা হলেও কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় মাদব চন্দ্র দেবনাথ ও আ. রশীদ বলেন, বাজারের কাজ শেষ করে রাতে বাড়ি যাওয়ার জন্য ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গে ব্রিজটি ভেঙে পড়ে। এ সময় দৌড়ে এক পারে চলে আসি।

তালতলী উপজেলা প্রকৌশলী আহম্মদ আলী বলেন, ব্রিজটি পুনরায় নির্মাণের জন্য ইতিমধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন বরাদ্দের জন্য অপেক্ষা করছি। এরই মধ্যে ব্রিজটি ভেঙে গেছে। তবে বরাদ্দ খুব শিগ্গিরই পেয়ে যাব। বরাদ্দ পেলেই ব্রিজটির নির্মাণকাজ শুরু করা হবে। 

ইত্তেফাক/ইআ