জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, যেকোনো সংকট মোকাবেলার জন্য আমাদের একত্রে কাজ করতে হবে। আজ বিশ্বব্যাপী যে বিরূপ কঠিন পরিস্থিতির উদ্ভব হচ্ছে তা প্রতিহত করা খুবই দুরূহ। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য বা নির্বাচনের জন্য জোটবদ্ধ হওয়া নয়, প্রধানমন্ত্রীর আহ্বান আওয়ামী লীগসহ যারা আমরা ১৪দলে আছি তাদের একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে কাজ করতে হবে।
সোমবার (২১ মার্চ) রাতে ভাণ্ডারিয়ার ‘তাসমিমা ভিলায়’ এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের ব্যবহার ও আচরণ দ্বারা বিরোধীদের মন জয় করা উচিত। উৎখাত, মূলোৎপাটন, শিকড় তুলে দেওয়ার রাজনীতি নয়। অতীতে এ ধরণের রাজনীতি দেশ ও সমাজে সংঘাত সৃষ্টি করেছে। অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা বিরোধীদের দমন করতে দলন, গ্রেফতার, নির্যাতনের আশ্রয় নিয়েছেন। আমাদেরকে কারা অভ্যন্তরে নিক্ষেপ করেছেন বারবার। তারপরও ক্ষমতায় ধরে রাখতে পারেনি। পুলিশ দিয়ে ক্ষমতা ধরে রাখা যায় না। যখন ক্ষমতার বাইরে চলে আসে তখন মানবাধিকার, আইনের শাসন ইত্যাদি কথা বলেন বটে কিন্তু অতীতে তাদের আচরণ ভুলে যান। মনে রাখতে হবে প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকা যাবে না।
আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু সাড়ে সাত কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা এনেছেন, অধিকার প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু যেভাবে সকলকে ঐক্যবদ্ধ করেছিলেন সেভাবেই মানুষকে একত্র করতে হবে। এলাকার মানুষের সেবা ও কল্যাণের জন্য আমাদের কাজ করে যেতে হবে। কাজের মাধ্যমেই মানুষকে জয় করা যায়। এলাকার উন্নয়নে সততা ও নিষ্ঠা বজায় রেখে আত্মসাৎ-অপচয় রোধ করে মানুষের কল্যাণে সকলকে নিয়োজিত থাকতে হবে।
তিনি আরও বলেন, পাশাপাশি নেতা-কর্মীদের সংগঠিত করা দরকার। সর্বত্র শৃঙ্খলা বজায় রাখতে হবে। সাংগঠনিক পর্যায়ের রাজনৈতিক শক্তি ও মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্যদিয়েই ভাগ্য উন্নয়ন সম্ভব। রক্ত চক্ষুদ্বারা বিরোধীদের প্রতিহত করার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। বিরোধী শক্তি বিরুদ্ধে লড়াই করার কৌশল হতে হবে তাদের ভুল ধরিয়ে দেওয়ার। আল্লাহর কাছে আমাদের বেশি বেশি করে চাইতে হবে। তার প্রতি ঈমান ও আনুগত্য প্রদর্শন করেই আমাদের ভাগ্য গড়ে তুলতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশীদ খসরু জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ১৪দলের শরিক আওয়ামী লীগ ও জাতীয় পার্টি-জেপি’র ভাণ্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। এদিন রাতে ভাণ্ডারিয়া বন্দর তাফসীর ময়দানে এক ওয়াজ মাহফিলে অংশ নেন আনোয়ার হোসেন মঞ্জু এমপি। ভাণ্ডারিয়া ইসলামী সমাজ কল্যাণ কমপ্লেক্স আয়োজিত তাফসিরুল কোরআন মহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
