কাপাসিয়ায় দুঃসহ যানজটের নেপথ্যে

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২১:৩৬

গাজীপুর জেলার কাপাসিয়া বাসস্ট্যান্ড থেকে বাজার হয়ে উপজেলা পরিষদ, বাজার থেকে কলেজ পর্যন্ত যানজট নিত্যদিনের ঘটনা। প্র্রতিদিন সকাল থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত ভয়াবহ এ যানজটে মানুষ অতিষ্ঠ। কাঁচাবাজারের সামনে সারি সারি রিকশা আর যত্রতত্র বাসসহ টেম্পো, অটোরিকশা দাঁড় করানোর জন্য তীব্র যানজট লেগেই থাকে। রাস্তার দুপাশের মার্কেটগুলোতে আসা যানবাহনগুলো যেখানে সেখানে দাঁড় করানোও এই যানজটের অন্যতম কারণ। ট্রাফিক পুলিশ নেই মোড়গুলোতে। বাসস্ট্যান্ড থেকে উপজেলা পর্যন্ত অন্তত ৩০টি পয়েন্টে দুঃসহ যানজট সৃষ্টি হয়। এদিকে অপরিকল্পিত ড্রেনেজ অব্যবস্থাপনার ফলে ময়লা আটকে রাস্তায় পানি জমার ফলে গাড়িগুলো ঠিকমতো চলতে পারে না। ঢাকা-কিশোরগঞ্জ রাস্তা থেকে বাজারে প্রবেশের রাস্তাটিতে সকাল থেকেই যানজট লেগেই থাকে। দিনের বেশিরভাগ সময় এই এলাকায় থেমে থেমে চলে যানবাহন। বিভিন্ন কোম্পানির বাস সার্ভিসের পাশাপাশি রয়েছে নদী থেকে বালু বহনকারী ড্রাম ট্রাক—এদের সংখ্যা কত তা কেউ জানে না। একটার পর একটা ট্রাক প্রায়ই রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। এখানকার ড্রেনেজ সিস্টেমটা উন্নত করা গেলে যানজট কমানো যেত। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আসাদুল্লাহ মাসুম

কাপাসিয়া, গাজীপুর