জমে উঠেছে ঈদবাজার

মার্কেটগুলোতে উপচেপড়া ভিড়

আপডেট : ০১ জুন ২০১৯, ২১:৩৭

ইত্তেফাক ডেস্ক

ঈদ মানে আনন্দ। আনন্দের প্রস্তুতি নিতেই প্রতি বছরের মতো এবারো ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যস্ত হয়ে পড়েছে সবাই কেনা-কাটায়। আর জমে উঠেছে ঈদবাজার। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

পাবনা:পাবনার ঈদ মার্কেটগুলোতে ভিড় বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, এবার ঈদের পোশাকে বেশি দাম নিচ্ছেন দোকানিরা।

পাবনা শহরের খান বাহাদুর শপিং সেন্টারে পোশাক কিনতে আসা কলেজছাত্র শফিক বলেন, গত বছর যে পাঞ্জাবি কিনেছি ১৫ থেকে ১৬শ টাকায়, তা এবার সেই পাঞ্জাবি কিনতে হয়েছে ১৯শ টাকায়। ওই মার্কেটে আসা আরেকজন ক্রেতা মশিউর রহমান বলেন, রোজার এক মাস আগে যে শার্ট ১২শ টাকায় বিক্রি হয়েছে এখন তা ১,৪৯০ টাকায় বিক্রি হচ্ছে।

এ আর শপিং কমপ্লেক্সের ক্রেতা এক গৃহিণী আসমা বানু বলেন, সাধারণ একটি থ্রি-পিস যা আগে এক হাজার টাকায় বিক্রি করা হতো। ঈদ মার্কেটে তাই হচ্ছে ২২শ টাকা।

ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমে উঠেছে ঈদবাজার। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচা কেনা, বরাবরের মতো উপজেলার বিভিন্ন মার্কেটে বিদেশি পোশাকের চাহিদার পাশাপাশি দেশি পোশাকেরও ব্যাপক চাহিদা রয়েছে। তবে নানারকম ডিজাইন আর ভালো নকশা করা পোশাকই ক্রেতাদের আকৃষ্ট করছে। ক্রেতাদের আকর্ষণ বাড়াতে বিভিন্ন মার্কেট করা হয়েছে আলোকসজ্জা। মার্কেটগুলোতে নারী ক্রেতার সংখ্যা চোখে পড়ার মতো।

বালিয়াকান্দি (রাজবাড়ী): ঈদের আর বাকি মাত্র কয়েকটা দিন। সারাদেশের ন্যায় বালিয়াকান্দিতেও এরই মাঝে ক্রেতাদের পদচারণায় হাট-বাজারগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদুল ফিতর যতই ঘনিয়ে আসছে বিপণি বিতানগুলোয় ক্রেতাদের পদচারণায় ততই সরগরম দেখা যাচ্ছে। দোকানগুলোতে বিভিন্ন স্যালোয়ার কামিজ, গেঞ্জি, প্যান্ট, শার্ট, শাড়ি, লুঙ্গি, ছোট ও বড়দের পাঞ্জাবি ও ফতুয়া বিক্রি হচ্ছে। সাধ্যমতো প্রতিবারের ন্যায় এবারও কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রেতারা।

রাণীনগর (নওগাঁ): প্রতিটি মার্কেট ও বিপণি বিতানগুলোতে দেখা গেছে ঈদের আমেজ। সব দোকানেই ক্রেতার সমাগম লক্ষ করা গেছে। পাশাপাশি আসন্ন ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে দর্জিপাড়ার কারিগররা। রাতভর সেলাই মেশিনের শব্দে সমাগম হয়ে থাকছে টেইলার্স পট্টিগুলো। ভারত, পাকিস্তানি, চীন, জাপান, কোরিয়ার প্যান্ট ও শার্ট পিস এবং ভারতীয় থ্রি-পিসে বাজার ভরে গেছে। ভারতীয় থ্রি-পিস গুলোর বেশির ভাগেরই নাম ভারতীয় ছবির নায়ক ও নায়িকাদের নামানুসারে করা হয়েছে। কুপনের মাধ্যমে সেরা বিজয়ীদের জন্য রাখা হয়েছে বিভিন্ন আকর্ষণীয় পণ্যসহ বিভিন্ন অফার।

ধামইরহাট (নওগাঁ): ঈদের কেনাকাটা শেষ পর্যায়ে। যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে পোশাক পরিচ্ছদ যতটা পারা গেছে কিনে ফেলেছেন। এখন মেয়েরা নিজেকে মোহনীয় করে তুলতে বিউটি পার্লারগুলোতে প্রচণ্ড ভিড় করছেন। তরুণীরা ছুটছেন বিউটি পার্লারে। রূপচর্চায় বাঙালি সংস্কৃতিতেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া।

উপজেলায় প্রায় ২৫টির মতো বিউটি পার্লার রয়েছে। রূপ-সচেতন নারীরা নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে দ্বারস্থ হচ্ছেন পার্লারগুলোতে। বিভিন্ন বিউটি পার্লারে কথা বলে জানা গেছে, দুই হাতের কবজি পর্যন্ত মেহেদি করতে নেওয়া হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত, ভ্রু প্ল্যাক ৩০ টাকা, ফেয়ার পলিশ ৫০০ টাকা, গোল্ড ফেসিয়াল ৮০০ টাকা, হোয়াইট্রেনিং ফেসিয়াল ৪০০ টাকা, স্কিন পলিশ ৭০০ টাকা, সিলভার ফেসিয়াল ৪০০ টাকা, অক্সিজেন ফেসিয়াল ৬০০ টাকা, অরেঞ্জ ফেসিয়াল ৪০০ টাকা, অ্যারোমা ফেসিয়াল ৫০০ টাকা নেওয়া হচ্ছে।