কাহালুতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

আপডেট : ০১ জুন ২০১৯, ২১:৩৮

কাহালু (বগুড়া) সংবাদদাতা

কাহালুতে গত শুক্রবার গভীর রাতে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তি মারা গেছে। শুক্রবার রাত আনুমানিক ২টায় কাহালু রেলস্টেশনের সামান্য পশ্চিমে এবং কাহালু সরকারি ডিগ্রি কলেজের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

বগুড়া রেলওয়ে থানার কর্মকর্তা কায়কোবাদ জানান, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস (৭৭২ ডাউন) ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। নিহত ব্যক্তির মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন ছিল। কিন্তু সে মস্তক খুঁজে পাওয়া যায়নি। নিহতের গায়ে সাদা প্রিন্টের শার্ট এবং পরণে কালো প্যান্ট ছিল। এ ব্যাপারে বগুড়া রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।