ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (২২ মার্চ) ভাষণ দিয়েছেন ইতালির পার্লামেন্টে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ভিডিও বার্তায় দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, তার দেশ রাশিয়ার সাথে যুদ্ধে বেঁচে থাকার দ্বারপ্রান্তে। এখানে সফল হলে মস্কো ইউরোপের দিকে অগ্রসর হতে পারে বলে সাবধান করেছেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রুশ সেনাদের কাছে ইউক্রেন হলো ইউরোপে প্রবেশ করার দরজা। কিন্তু এই বর্বরতার বিস্তার হতে দেওয়া যাবে না।
জেলেনস্কির ভাষণের পর ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বলেন, আমি ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে দেখতে চাই। সেইসঙ্গে ইইউ-কে ইউক্রেনে সামরিক সাহায্য প্রদানের আহ্বান জানান তিনি।
