বেড়া (পাবনা) সংবাদদাতা
আকাশে কাঠফাটা রোদ, এই রোদেই মাথায় কয়লার ঝুড়ি নিয়ে জাহাজ থেকে কয়লা খালাসের কাজ করে যাচ্ছেন শ্রমিকরা। সারা গায়ে, চোখে-মুখে তখন কয়লার আস্তরণ। নাকে কোনো মাস্ক নেই। এভাবে কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই প্রতিনিয়ত কয়লা বহনের কারণে বেড়ার নগরবাড়ি ঘাটের কয়লা শ্রমিকদের জীবন নানা রোগের ঝুঁকিতে রয়েছে। নগরবাড়ি ঘাটে অর্ধশতাধিক শ্রমিক কাজ করে।
নগরবাড়ি ঘাটে কর্মরত কয়লা শ্রমিক আনোয়ার জানান, যখন গোসল করতে যাই তখন দেখি নাকের ভেতর মুখের ভেতর খালি কয়লা। আগে তিন বেলা ভাত খাইতাম। এখন একবেলা খেলেই পেট ভরে যায়। তাছাড়া শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে।
সোবাহান নামে এক শ্রমিক আক্ষেপ করে বলেন, জানি এই কাজে ম্যালা অসুখ হয়। কিন্তু কি করার আছে। পেটের দায়েই করতে হয়।
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. মিলন মাহমুদ জানান, যারা কোনো রকম প্রতিরোধমূলক ব্যবস্থা ছাড়াই কয়লা বহনের কাজ করে। তাদের শ্বাসকষ্ট, ক্ষুধামন্দা, ফুসফুস ক্যান্সার এমনকি ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে।
