প্রস্তাবটা প্রথম এসেছিল বিসিবির কাছে, এরপর তাসকিন আহমেদের কাছে। ইংল্যান্ডের মার্ক উডের বিকল্প হিসেবে বাংলাদেশের ডানহাতি এ পেসারকে পেতে চেয়েছিল আইপিএলের নতুন দল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজের কারণে তাসকিনকে ছাড়েনি বিসিবি।
মঙ্গলবার (২২ মার্চ) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তাসকিনের আইপিএল খেলায় বাধা নেই। তবে সিরিজের মাঝপথে তাকে ছাড়বে না বিসিবি। এমনকি দরকার হলে মে মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজেও তাকে ছুটি দিতে পারে বোর্ড।
বিসিবি সভাপতি বলেছেন, ‘তাসকিনের খেলার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। তবে একটি সিরিজের মধ্যে নয়|। ওর সঙ্গে যেটা কথা এই সিরিজের পরে ও যেতে পারে। এমনকি এই সিরিজের পরে যে শ্রীলঙ্কা সিরিজ আছে, ওটাতেও আমরা ছাড় দিতে পারি। কিন্তু একটি চলমান সিরিজের মাঝপথে কাউকে ছাড়ার সুযোগই নেই।’
এদিকে, লখনউর প্রস্তাব তাসকিন গ্রহণ না করায় কপাল খুলে গেছে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানির। আট বছর পর কোনো জিম্বাবুয়ের ক্রিকেটার আইপিএলে সুযোগ পেতে যাচ্ছেন। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ব্রেন্ডন টেইলরের পর আইপিএলে খেলতে যাচ্ছেন মুজারাবানি।
জিম্বাবুয়ের ভারতীয় অ্যাম্বাসেডর টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন। মুজারাবানির সঙ্গে দেখা করেছেন তিনি। দ্রুতই ভারতে যাচ্ছেন জিম্বাবুয়ের এই পেসার। জিম্বাবুয়ের হয়ে ৬ টেস্ট, ৩০ ওয়ানডে ও ২১ টি-২০ খেলেছেন তিনি। পিএসএলে মুলতান সুলতানের হয়েও খেলেছেন তিনি।
