শরণখোলায় ফেসবুকে আপত্তিকর ছবি আপলোড করায় যুবক খুন

আপডেট : ০১ জুন ২০১৯, ২১:৩৯

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলায় ফেসবুকে বৃদ্ধের আপত্তিকর ছবি আপলোড করার অভিযোগে বেধড়ক মারধরে শনিবার সকালে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আমিনুল ইসলাম বিল্লাল (৩৩)। এ ঘটনায় শরণখোলা থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার মালিয়া রাজাপুর গ্রামের সোহরাব আকনের ছেলে আমিনুল ইসলাম বিল্লাল কয়েক দিন আগে মিনহাজ উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের প্রাকৃতিক ডাকে সাড়া দেয়া অবস্থার ছবি মোবাইলে ধারণ করে ফেসবুকে আপলোড করে। বিষয়টি জানাজানি হলে বৃদ্ধের নাতি ইসাহাক গাজী, আসাদুল গাজী ও জাকির হোসেন লাবন শুক্রবার রাতে বাংলাবাজারে বিল্লালকে মারধর করে। পরে সে বাড়িতে চলে যায়। রাত সোয়া ৩টার দিকে বিল্লাল অসুস্থ হয়ে পড়ে। শনিবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

শরণখোলা থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, নিহতের বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।