ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, আগ্রাসন অব্যাহত রাখতে সাবেক রুশ সেনাদের আবারও যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধে রুশ সেনাদের ক্ষতি কাটিয়ে উঠতেই এই সিদ্ধান্ত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ফেসবুকে একটি পোস্টে ইউক্রেনীয় সেনাবাহিনী জানায়, সাবেক সেনা কর্মকর্তাদের নিয়োগ দিচ্ছে রাশিয়া। বিশেষ করে যাদের যুদ্ধক্ষেত্রে অংশ নেওয়ার অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
পোস্টে আরও বলা হয়, রুশ সেনারা যে উদ্দেশ্য নিয়ে ইউক্রেনে প্রবেশ করেছে তাতে সফল হয়নি। এখন তারা হতাশাগ্রস্ত।
একই দাবি করছে পশ্চিমা গোয়েন্দারা। তাদের মতে, ইউক্রেনে রুশ সেনাদের অবস্থান এখন অনেকটাই স্থবির। তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। দীর্ঘ সময় অবস্থানের কারণে তাদের রসদও ফুরিয়ে যাচ্ছে।
বিবিসি জানায়, ইউক্রেনীয় সেনাদের এই দাবী এখনো নিশ্চিত করা হয়নি।
