ক্রিমিয়া-মারিউপোল-ডনবাস করিডর নিয়ে রাশিয়ার পরিকল্পনা

আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৩:৩৫

ইউক্রেনে চলমান আগ্রাসনে বেশ কিছু অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিউপোল এখনো নিয়ন্ত্রণে নিতে পারেনি তারা। এর আগেই শহরটিকে ঘিরে বড় একটি পরিক্লপনা করে ফেলেছে রুশ সরকার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, এক রুশ কর্মকর্তা ইতোমধ্যে ক্রিমিয়া থেকে ডনবাস পর্যন্ত একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু করার পরিকল্পনা করেছেন। ওই কর্মকর্তার নাম কিরিল স্টেপানোভ। তিনি রাশিয়ার দক্ষিণাঞ্চলের ফেডারেল জেলার উপদেষ্টা হিসেবে নিযুক্ত। এই জেলার আওতায় ২০১৪ সালে দখলকৃত অঞ্চল ক্রিমিয়া।

কিরিল স্টেপানোভের পরিকল্পনা অনুযায়ী, ক্রিমিয়ার সঙ্গে সড়কপথে যোগাযোগ স্থাপনের জন্য ডনবাস পর্যন্ত সড়ক নির্মাণ করা হবে। যা মারিউপোল হয়ে যাবে। এর বাস্তবায়ন হবে রুশ সেনা কর্তৃক মারিউপোল দখলের পর।

এ প্রসঙ্গে রুশ গণমাধ্যম আরআইএ নোভোস্তিকে কিরিল জানান, ক্রিমিয়া থেকে মারিউপোল পর্যন্ত যে মহাসড়ক আছে তার নিয়ন্ত্রণ নিতে হবে। এতেই ডনবাস পর্যন্ত ক্রিমিয়ার যোগাযোগ স্থাপিত হবে। ওই এলাকার মানুষ অনেক উপকৃত হবে। যোগাযোগে উন্নতি হলে মানুষের জীবনমানেও আসবে উন্নতি।

বিবিসি জানায়, রুশ সেনারাও এই বন্দর নগরীটি দখলের জন্য মরিয়া হয়ে আছে। ইউক্রেনে এক মাস ধরে চলা আগ্রাসনে এক দিনের জন্যও মারিউপোলে হামলা বন্ধ হয়নি। ইউক্রেন দাবি করছে, রুশ হামলার কারণে শহরের ৮০ শতাংশ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইত্তেফাক/টিআর