লাহোর টেস্ট, তৃতীয় দিন শেষে ১৩৪ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৯:০০

পাকিস্তানকে ২৬৮ রানে অলআউট করে দিয়ে লাহোর টেস্টের তৃতীয় দিন নিজেদের করে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। একই সঙ্গে তারা লিড পেয়েছে ১২৩ রানের। পরে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ১১ রান যোগ করে দিনের খেলা শেষ করেছে অজিরা।

উসমান খাজা ৭ ও ডেভিড ওয়ার্নার ৪ রানে অপরাজিত আছেন। আগামীকাল বৃহস্পতিবার চর্তুথ দিন আবারও ব্যাটিংয়ে নামবেন তারা। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার লিড ১৩৪ রান।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৯১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলটির পক্ষে সর্বোচ্চ ৯১ রান করেন উসমান খাজা। এছাড়া ক্যারেুন গ্রিন ৭৯, অ্যালেক্স ক্যারি ৬৭, স্টিভেন স্মিথ ৫৯ ও ট্রেভিস হেড ২৬ রান করেন। স্বাগতিক বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি ৪টি, নাসিম শাহ ৪টি এবং নোমান আলি ও সাজিদ খান একটি করে উইকেট শিকার করেন।

পরে ব্যাটিংয়ে পাকিস্তানি ব্যাটারদের মধ্যে আব্দুল্লাহ শফিক ৮১, আজহার আলি ৭৮, বাবর আজম ৬৭ ও ফাওয়াদ আলম ১৩ রান করেন। অজি বোলারদের মধ্যে প্যাট কামিন্স ৫টি, মিচেল স্টার্ক ৪টি ও অন্য উইকেটটি নেন নাথান লায়ন।

ইত্তেফাক/টিএ