ঢাকা বিশ্বের দ্বিতীয় ঘনবসতিপূর্ণ শহর। ঢাকায় অন্যতম বড় সমস্যা হলো বাস চলাচলে যাত্রী ভোগান্তি। নানা রকমের সমস্যায় পড়তে হয় বাসযাত্রীদের। তীব্র যানজটের পাশাপাশি জীবনের ঝুঁকিও রয়েছে এখানে। বাস স্টপেজগুলোতে ঠিকমতো থামে না বাসগুলো। যেখান থেকে খুশি যাত্রী তোলে হেলপাররা। বাসের দরজায় ঝুলে ঝুলে অনেকে বাসায় যাচ্ছে। অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে বাসের ড্রাইভার। অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে কিছু লাভের আশায়। রুট পারমিট বাতিল হওয়ার পরও অনেক বাস চলছে স্বাচ্ছন্দ্যে। বাসে ওঠার সময় আবার রয়েছে অনেক রকমের চক্র—যারা ভিড়ের মধ্যে মোবাইল, মানিব্যাগ ইত্যাদি চুরি করছে। সব মিলিয়ে একটা অসহনীয় অবস্থা বিরাজ করছে। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। বাস কর্তৃপক্ষকে দিতে হবে দুর্ভোগহীন যাত্রীসেবা।
হাসান তাসনিম শাওন, ঢাকা
