নাও খেলতে পারেন আমলা

আপডেট : ০১ জুন ২০১৯, ২১:৫২

স্পোর্টস রিপোর্টার

সব দিক থেকেই রীতিমতো ‘ব্যাকফুটে’ আছে দক্ষিণ আফ্রিকা। ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ছিলেন না ডেল স্টেইন। দ্বিতীয় ম্যাচেও তাকে নিয়ে শঙ্কা আছে। বলা উচিত, এই ম্যাচেও তার ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। আর ইংল্যান্ডের বিপক্ষে বড় পরাজয় নিয়ে টুর্নামেন্ট শুরু করা প্রোটিয়াদের জন্য আরো দুঃসংবাদ হয়ে এল হাশিম আমলার ইনজুরির খবর।

আর এই ইনজুরিতে এতটাই তীব্র যে বাংলাদেশের বিপক্ষে আজ রবিবারের ম্যাচটায় নাও খেলতে পারেন বর্ষীয়ান এই ক্রিকেটার। ইনজুরির সূত্রপাত সেই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেই। সেদিন ফাস্ট বোলার জোফরা আর্চারের একটা বাউন্সার ৩৬ বছর বয়সী আমলার হেলমেটের গ্রিল ভেদ করে ভেতরে ঢুকে যায়।

তখন ৩১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার ইনিংসের চতুর্থ ওভার চলে। পাঁচ রানে অপরাজিত ছিলেন আমলা। এরপর তখনই তাকে মাঠ থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। অনেক রকম ডাক্তারি পরীক্ষা ও সেবা পেয়ে আবারো ৩২তম ওভারে তিনি ক্রিজে আসেন। যদিও, তখন মাত্র ১৬৭ রান তুলতেই ছয় উইকেট হারিয়ে বসেছে দক্ষিণ আফ্রিকা।

ফলে, ওই সময় আর ইনিংসটাকে লম্বা করা ছাড়া কোনো উপায় ছিল না আমলার হাতে। শেষ অবধি ১২ রানে গিয়ে থামে তার ইনিংস। তবে, এর চেয়েও হতাশার মুখোমুখি হতে হলো তাকে গতকাল, শনিবার।

তিনি এদিন দক্ষিণ আফ্রিকা দলের হয়ে অনুশীলনে অংশ নেননি। তাকে টিম হোটেলে রেখে যাওয়াটাকেই সঠিক সিদ্ধান্ত বলে মনে করেছে টিম ম্যানেজমেন্ট। তার সার্বক্ষণিক দেখভালের জন্য সঙ্গে ছিলেন দলীয় ডাক্তার মোহাম্মদ মুসাজি। তার মতো ব্যাটসম্যানকে নিয়ে দক্ষিণ আফ্রিকার ঝুঁকি নিতে না চাওয়ার প্রয়াসটা অস্বাভাবিক কিছু নয়। যদিও, দক্ষিণ আফ্রিকান গণমাধ্যমের দাবি, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আজ তার খেলার সম্ভাবনা খুবই কম।

সেটা হলো আজ একাদশে ‘কিলার মিলার’ খ্যাত মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলারের ফেরার সম্ভাবনা খুবই প্রবল। সেক্ষেত্রে এইডেন মার্করামকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দেওয়া হবে।

এদিকে, গেল শুক্রবার নেটে বোলিং করেছেন ডেল স্টেইন। তিনি এখনো কাঁধের ইনজুরি কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। যদিও, এখনো তিনি ম্যাচ খেলার জন্য ফিট নন। তাই, বাংলাদেশের বিপক্ষে তিনি ফিরছেন না, ধরে নেওয়াই যায়। দক্ষিণ আফ্রিকার জন্য বড় একটি ম্যাচ অপেক্ষা করছে আগামী পাঁচ জুন, বৃহস্পতিবারে।

সেদিন তাদের প্রতিপক্ষ দু বারের চ্যাম্পিয়ন ভারত। দারুণ ফর্মে থাকা দলটির বিপক্ষেই স্টেইনকে ফেরানোর পরিকল্পনা করছে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট।