সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষকের স্বপ্ন যেন বাতাসে দোল খাচ্ছে।
যেদিকে তাকানো যায় সবুজে ঘেরা অপরূপ এক সৌন্দর্য কেউ বোরো ধানের আগাছা পরিষ্কার করছেন, কেউ কীটনাশক প্রয়োগ করছেন, আবার কেউ ধানের দ্রুত গতিতে বেড়ে ওঠার জন্য দিচ্ছেন মই।
স্থানীয় কৃষক মুকুল চন্দ্র শীল ক্লান্ত ভরা মুখে এক ঝলক হাসি দিয়ে বলেন, গত বছরের চেয়ে এবার খরচ বেশি হলেও আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আসা ও কৃষকের স্বপ্ন পূরণ হবে।
উপজেলার মশিপুর গ্রামের কৃষক মো. কাসেম সরকার বলেন, গত বছরের চেয়ে এ বছর আমি বেশি জমিতে বোরো ধান চাষ করেছি। উপজেলা কৃষি কর্মকর্তা আমাকে ধান চাষে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে আসছেন। সঠিক পরিচর্যা, আবহাওয়া ভালো থাকায় ও কীটপতঙ্গের আক্রমণ না হওয়ায় এ বছর বোরো ধানের বাম্পার ফলন হবে বলে আশা করছি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ১৩টি ইউনিয়ন ০১ পৌরসভায় বোরো ধান চাষ হয়েছে। উপজেলার কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে কম জমিতে উন্নত জাতের বোরো ধান চাষ করে বেশি ফলন পেতে ব্যাপক সহায়তা করছে কৃষি বিভাগ। উন্নত জাতের বীজ ও সার প্রদান করে কৃষি বিভাগ উপজেলার কৃষকদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে আসছেন। যেন রোপণ করা চারা সঠিক যত্নে বড় হতে পারে।
শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালাম বলেন, বোরো ধান চাষে কৃষি বিভাগ কৃষকদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে। এবার চলতি মৌসুমে উপজেলায় ২২ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে।
