পদ্মাসেতু চালু হলে বরিশালের বাণিজ্যিক গুরুত্ব আরও বাড়বে: দোরাইস্বামী

আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৬:৩০

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, বরিশাল হচ্ছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার। নৌ, স্থল ও আকাশপথে সারাদেশের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে। পদ্মাসেতু চালু হওয়ার পরে বরিশালের দূরত্ব কমবে এবং বাণিজ্যিক গুরুত্ব আরও বাড়বে। 

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে বরিশাল রিপোর্টার্স ইউনিটির বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা স্মৃতি মিলনায়তনে সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, লেখক ও সুশীল সমাজের নাগরিকদের সঙ্গে মত বিনিময়কালে দোরাইস্বামী এসব কথা বলেন। 

এ সময় তিনি আরও বলেন, কবি জীবনানন্দ দাশ, শের-ই-বাংলা এ কে ফজলুল হকসহ গুণীজনদের পূণ্যভূমি বরিশাল। বরিশাল ও বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং আমি খুব আনন্দিত। 

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান স্বপন। 

বরিশাল রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী শাহ রিয়াজের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন-ভারতীয় হাইকমিশনের খুলনা অঞ্চলের সেকেন্ড সেক্রেটারি অসীম কুমার শান্ত্রা, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আব্দুল কাদের হাওলাদার, সাংবাদিক ইউনিয়ন বরিশালের যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব অপু ও খেলাঘরের সংগঠক মঈনুল ইসলাম সবুজ প্রমুখ। 

মতবিনিময় সভার পূর্বে বিক্রম কুমার দোরাইস্বামীকে উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ ও দপ্তর সম্পাদক রাসেল হোসেন।

ইত্তেফাক/এএএম