আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, যে দলের প্রধান দুই নেতা দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত, তাদের মুখে দুর্নীতিবিরোধী কথা মানায় না।
বৃহস্পতিবার (২৪ মার্চ) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
হানিফ বলেন, জামায়াত ইসলাম ১৯৭১ সালেও রাজাকার ছিল, এখনো রাজাকার আছে। তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। বিএনপিও জামায়াতের দোসর। স্বাধীনতাবিরোধীদের রাজনীতিতে পুনর্বাসনের পাশাপাশি বিএনপি দেশকে দুর্নীতির আখড়া বানিয়েছিল। বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশকে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন করেছিল। দুর্নীতির দায়ে তারেক রহমান বিদেশে পলাতক আর বেগম জিয়া দেশেই কারাভোগ করছেন। এমন দুর্নীতিগ্রস্ত দলের নেতাদের মুখে দুর্নীতিবিরোধী কথা হাস্যকর।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে অর্থনৈতিক মুক্তি এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে। বাংলাদেশ উন্নয়নের সোপানে পৌঁছানোর নেপথ্যে শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব। মহাকাশ থেকে সমুদ্রসীমা জয় দেশের অর্থনৈতিক যাত্রা আরও এগিয়ে নিয়ে গেছে।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল-মাহমুদ স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক আইনজীবী সিরাজুল মোস্তফা, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আইনজীবী ফরিদুল ইসলাম চৌধুরীর উদ্বোধনী বক্তব্যের পর আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ, স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল ও আইনজীবী রণজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান চৌধুরী।

পদ্মাসেতু চালু হলে বরিশালের বাণিজ্যিক গুরুত্ব আরও বাড়বে: দোরাইস্বামী