সতীর্থদের ভালোবাসায় ক্রনিয়ে স্মরণ

আপডেট : ০১ জুন ২০১৯, ২১:৫৩

স্পোর্টস ডেস্ক

ক্রিকেট বিশ্ব হয়তো তাকে ভুলে গেছে। কিন্তু সতীর্থরা আজো মনে রেখেছেন বিশ্ব ক্রিকেটের একদা সুবিদিত ও পরে নিন্দিত দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হ্যান্সি ক্রনিয়েকে। গতকাল শনিবার ছিল তার বিমান দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যুর ১৭তম বার্ষিকী।

ক্রনিয়ে ১৯৯২, ১৯৯৬ ও ১৯৯৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন। বিশ্বকাপে এখনো কিছু রেকর্ডের সুবাদে প্রাসঙ্গিকতা আছে ক্রনিয়ের যিনি ম্যাচ পাতানোর অপরাধে ২০০০ সালে ক্রিকেট থেকে সারাজীবনের জন্য নিষিদ্ধ হন। নিষিদ্ধ হওয়ার আগে তিনি ৬৮ টেস্ট ও ১১৮টি ওয়ানডে খেলেছেন। বিশ্বকাপে নেতৃত্বের বিচারে এখনো তিনি চতুর্থ সেরা অধিনায়ক। বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলাদের মধ্যে তিনি যৌথভাবে আছেন নবম স্থানে। তার মতোই ১৫টি করে ম্যাচ খেলেছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম ও ভারতের কপিল দেব। ক্রনিয়ে সে খেলাগুলোর মধ্যে ১১টিতে জিতেছেন।

অধিনায়কত্বের সাফল্য বিচারে তিনি আছেন চতুর্থ স্থানে। গড় বিচারে তার চাইতে ভালো অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (২৯টিতে ২৬ জয়), ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড (১৭টিতে ১৫ জয়) ও ভারতের মহেন্দ্র সিং ধোনি (১৭টিতে ১৪ জয়)।

স্বদেশীদের মধ্যে বিশ্বকাপে বেশি রান করার ক্ষেত্রে তিনি আছেন নবম স্থানে। ২০ ইনিংসে তিনি করেছিলেন ৪৭৬ রান। অষ্টম স্থানে আছেন ফাফ ডু প্লাসিস (১৪ ইনিংসে ৫৪৪) ও ১০ম স্থানে ড্যারিল কালিনান (১৫ ইনিংসে ৪৭১)।

সাবেক পেসার ও দলসঙ্গী অ্যালান ডোনাল্ড ও স্পিনার প্যাট সিমকক্স এরকম একটা দিনে ক্রনিয়েকে টুইটারে স্মরণ করেন। ডোনাল্ড লেখেন,‘তোমাকে স্মরণ করছি, ভাই আমার এদিন তুমি আমাদের ছেড়ে চলে গেছ। তোমাকে কখনোই ভুলবো না। শান্তিতে ঘুমাও।’

সিমকক্স লেখেন,‘১৭ বছর আগে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা আমাদের অধিনায়ক ক্রনিয়েকে নিয়ে গেছে। এখনো মনেহয় এই যেন সেদিন। শান্তিতে ঘুমাও অধিনায়ক। সবসময়ে স্মরণে রইবে।’

ক্রনিয়ের মতো ক্রিকেটারের ম্যাচ পাতানোতে জড়িয়ে পড়া ক্রিকেট বিশ্বকে স্তম্ভিত করেছিল। তিনি এ শাস্তির বিরুদ্ধে আপিল করলেও তা বহালই ছিল। তবে দক্ষিণ আফ্রিকানরা তাকে অনেক ভালোবাসতো। ক্রনিয়ের শেষকৃত্যের দিনে লোক উপচে পড়েছিল। অনেকে মনে করেন ক্রনিয়ে বাজিকরদের ফাঁদে পড়েছিলেন।’