স্পোর্টস রিপোর্টার, ওভাল (লন্ডন) থেকে
তামিমকে নিয়ে দুশ্চিন্তা কেটে গেছে। ভালো আছেন বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটসম্যান। গতকাল ওভালে ব্যাট হাতে অনুশীলনও করেছেন। ফিজিওর সবুজ সংকেত পেলে, আজকের ম্যাচে তিনি খেলবেন। ফলে, বলা যায় পূর্ণ শক্তির দল নিয়েই দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে বাংলাদেশ।
গত শনিবার অনুশীলনের সময় বলের আঘাতে হাতে ব্যথা পেয়েছিলেন তামিম। তবে এক্সরে রিপোর্টে মিলেছে সুসংবাদ। তার হাড়ে চিড় ধরেনি। প্রাথমিক চিকিত্সার পর পুরোপুরি সেরে উঠেছেন ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের সবচেয়ে সফল এই ব্যাটসম্যান।
আজ ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ম্যাচ। এই ম্যাচ সামনে রেখে গতকাল দলের সাথে তাকে অনুশীলন করতে দেখা গেছে। অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে তামিমের সুস্থতার সংবাদটি দিয়েছেন অধিনায়ক মাশরাফি নিজেই।
তিনি বলেন, ‘তামিম ভালো আছে। ওর এক্সরেতে খারাপ কিছু ছিল না। ফিজিওর কাছ থেকে সবুজ সংকেত পেলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সে খেলতে পারে। ছোটখাটো ইনজুরি খেলারই অংশ। তবে এসবের পরোয়া করলে চলে না। খেলার জন্য প্রস্তুত থাকতে হয়। ’ জানিয়ে রাখা ভালো লন্ডনের কেনিংটন ওভালে শনিবার অনুশীলন করার সময় আঘাত পেয়েছিলেন তামিম। তার বাম হাতের কব্জিতে সজোরে আঘাত হেনেছিল বল। ঘটনার পরপরই তামিমকে মাঠ থেকে দ্রুত ড্রেসিং রুমে নেওয়া হয়। এরপর হাতের এক্সরে করানো হয়। তবে এক্সরে রিপোর্টে কোনো দুঃসংবাদ ছিল না।
