টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

আপডেট : ০১ জুন ২০১৯, ২১:৫৫

স্পোর্টস রিপোর্টার, লন্ডন থেকে

টিকিট কিনেও মাঠে প্রবেশ করতে না পারা দর্শকদের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। গত শুক্রবার ট্রেন্ট ব্রিজে টিকিটে কিনেও মাঠে প্রবেশ করে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখতে পারেননি দেড় হাজারের বেশি দর্শক। গাঁটের পয়সা খরচ করেও খেলা দেখতে না পারাটা কষ্টকরই বটে। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি তিন ঘণ্টাও স্থায়ী হয়নি। বিশ্বকাপ ইতিহাসে কম সময়ে শেষ হওয়া ম্যাচের (ওভার হিসেবে) তালিকায় এটি তৃতীয় স্থানে। 

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সোরগোল হওয়ার পর গতকাল টাকা ফেরত দেয়ার সিদ্ধান্তের কথা জানায় আইসিসি। উল্লেখ্য, সেদিন খেলা দেখার জন্য ট্রেন্ট ব্রিজ মাঠের সামনে প্রচুর দর্শক প্রায় দেড় ঘণ্টা অপেক্ষায় ছিলেন। এরা টিকিট কিনেছেন অনলাইনে। বাকি ছিল শুধু টিকিট সংগ্রহ করে মাঠে প্রবেশ করা। কিন্তু লাইন আর সামনের দিকে এগোতে না দেখে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

একটু পর তাদেরকে জানানো হয় টিকিট সংকটের কথা। পর্যাপ্ত টিকিট ছাপানো হয়নি। এদিকে খেলাও শুরু হয়ে গেছে ঠিক সাড়ে দশটায়। প্রায় দেড় ঘণ্টা পর যখন দর্শকরা মাঠে প্রবেশ করার সুযোগ পেলেন ততক্ষণে পাকিস্তানের ইনিংস শেষ।

তবে শুভবুদ্ধির পরিচয় দিয়েছে আইসিসি। যারা সেদিন মাঠে গিয়ে টিকিট সংকটের কারণে ভোগান্তির শিকার হয়েছেন তাদের সবাইকে টিকিটের টাকা ফেরত দেয়া হবে। বিশ্বকাপ টুর্নামেন্ট কমিটির ব্যবস্থাপনা পরিচালক স্টিভ এলওয়ার্দি বলেন, টিকিট ছাপানোর দায়িত্বে যারা ছিলেন তারা সময়মত তা সরবরাহ করতে পারেননি। এ কারণে সেদিন প্রায় ১৬০০ থেকে ১৭০০ দর্শককে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে। টিকিটগুলো তারা দেরিতে কিনেছিলেন। আর একসাথে প্রচুর লোক জড়ো হয়ে গিয়েছিল টিকিটের জন্য। সমস্যাটা সে কারণেই হয়েছে।

তিনি আরো বলেন, পাকিস্তানের ইনিংস দ্রুত শেষ না হলে এই সমস্যাটা হতো না। তাহলে খেলাটা চলতো বিকাল ৬টা পর্যন্ত। দেরিতে প্রবেশ করেও পাকিস্তানের ইনিংসের অন্তত অর্ধেকটা দেখার সুযোগ পেলেও দর্শকদের মনে ক্ষোভ জমা হতো না। 

এলওয়ার্দি বলেন, যদি ভবিষ্যতে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও টিকিট সংকট হয় তবে ক্রেতাদেরকে আমরা ওয়েবসাইটের প্রিন্ট অপশনে গিয়ে টিকিটের প্রিন্ট আউট বের করে আনার পরামর্শ দেয়ার কথা ভাববো।