তালায় পুকুর থেকে প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২৫ মার্চ ২০২২, ১২:০৩

সাতক্ষীরার তালায় পুকুর থেকে মো. রসুল গাজী (১০) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৮টায় উপজেলার খলিলনগর ইউনিয়নের গোনালী ঘোষপাড়া থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

মৃত রসুল আটারই গ্রামের হালিম গাজীর ছেলে। বর্তমানে তারা তালার রহিমাবাদ গ্রামে বসবাস করে।

প্রত্যক্ষদর্শী প্রভাস ঘোষ জানান, সন্ধ্যায় আমি পুকুরে হাঁস তুলতে পুকুরে গিয়ে কিছু একটা দেখি। পরে এলাকাবাসী ও পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে রাতে লাশটি উদ্ধার করে।

শিশুর খালা নাজমা আক্তার জানান, ‘আমার খালাতো ভাইয়ের ছেলে বুদ্ধি প্রতিবন্ধী (কানে না শোনা ও কথা বলতে না পারা) গোলাম রসুল আমাদের বাড়ি রহিমাবাদ থাকতো। গত মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে হারিয়ে যায়। হারানোর পর হতে স্থানীয়ভাবে মাইকিং ও খোঁজখবর শুরু করি। কিন্তু কোন খবর পাইনি। বৃহস্পতিবার রাত ৮টার দিকে জানতে পারি আমার গোলাম রসুলের লাশ হরিশ্চন্দ্রকাটি ঘোষপাড়ার প্রভাস ঘোষের ডোবায় ভাসতে দেখা গেছে। পরে ইউপি চেয়ারম্যানের সহায়তায় পুলিশের খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করেন’।

তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করি। সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এমআর