রাজধানীতে গুলিতে নিহত জাহিদুল ইসলাম ওরফে টিপু ছিলেন যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। পুলিশ জানায়, ২০১৩ সালের ২৯ জুলাই গুলশানের শপার্স ওয়ার্ল্ড নামের একটি শপিংমলের সামনে যুবলীগ নেতা মিল্কীকে গুলি করে হত্যা করা হয়। এ মামলায় গ্রেপ্তার হয়ে অনেক দিন কারাগারে ছিলেন টিপু। পরে তিনি জামিনে মুক্ত হন।
পুলিশ জানায়, মিল্কি হত্যা মামলার এজাহারে টিপুর নাম থাকলেও ওই সময় তদন্তে তার সংশ্লিষ্টতা না পাওয়ায় আদালত তাকে ওই মামলা থেকে জামিন দিয়েছিলেন। তাই টিপু হত্যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার রাজধানীর শাজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতাসহ দুইজন নিহত হন। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
নিহতরা হলেন- মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু (৫৮)। অন্যজন সড়কে যানজটে আটকা পড়ে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন ওরফে প্রীতি (২৪)।
জাহিদুল ইসলাম টিপুর বাসা রাজধানীর খিলগাঁওয়ের বাগিচা এলাকায়। টিপু শাহজাহানপুরের সংরক্ষিত নারী কাউন্সিলর ডলির স্বামী। এছাড়া তিনি শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
