গতকাল (২৪ মার্চ) গ্রেনাডার জাতীয় স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে মুখোমুখি হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী ইংল্যান্ড। এতে প্রথম দিন মাত্র ২০৪ রানে অলআউট হয়ে গেছে ইংলিশরা। তবে সেটাও হয়েছে শেষ উইকেট জুটিতে জ্যাক লিচ ও সাকিব মাহমুদের কল্যাণে।
স্বাগতিকদের বোলিং তোপে মাত্র ১১৪ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। সেখান থেকে ৯০ রানের জুটি গড়ে তুলেন শেষ দুই ব্যাটার। দিনের একেবারে শেষ ওভারে গিয়ে আউট হন সাকিব মাহমুদ। ৪৯ রান করে ব্ল্যাকউডের বলে বোল্ড হন তিনি। এরপরই দিনের খেলা শেষ ঘোষণা করেন ম্যাচ রেফারি। অপরপ্রান্তে জ্যাক লিচ ৪১ রানে অপরাজিত থাকেন।
ইংলিশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান এসেছে ১১ নম্বরে নামা সাকিব মাহমুদের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ১০ নম্বরে নামা জ্যাক লিচ। আর তৃতীয় সর্বোচ্চ স্কোর করেছেন ওপেনিংয়ে নামা অ্যালেক্স লিস, ৩১ রান।
১৪৫ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে এমটা ঘটেছে মাত্র একবার। অর্থাৎ ১০ ও ১১ নম্বর ব্যাটার দলের সর্বোচ্চ দুই স্কোরার। এর আগে ১৮৮৫ সালে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে একই ঘটনার জন্ম দিয়েছিলেন ইংল্যান্ডের ১০ ও ১১ নম্বর ব্যাটার।
