বন্দুকধারী একাই এই হামলা চালিয়েছে বলে পুলিশের ধারণা
বিবিসি
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সরকারি ভবনে এক বন্দুকধারীর নির্বিচার গুলিতে কমপক্ষে ১২ ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই হামলাকারী ভার্জিনিয়া বিচ সিটিতে দীর্ঘদিন ধরে কর্মরত এক সরকারি কর্মী।
ভার্জিনিয়া বিচ নামের শহরটি ওই অঙ্গরাজ্যের সবচেয়ে জনবহুল শহর। বাসিন্দা প্রায় চার লাখ ৪০ হাজার। শুক্রবার ভার্জিনিয়ার মিউনিসিপাল সেন্টারে বিকাল চারটার কিছু পরে শুরু হওয়া ওই গোলাগুলিতে এক পুলিশ সদস্যসহ ছয় জন আহতও হয়েছেন। পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের পর হামলাকারীর মধৃদেহ পাওয়া গেছে। তবে বন্দুকধারীর নাম প্রকাশ করা হয়নি।
ওই মিউনিসিপাল সেন্টারে শহর কর্তৃপক্ষের বেশ কয়েকটি ভবন অবস্থিত। গুলির খবর পেয়েই পুলিশ ভবনগুলো ঘিরে ফেলে ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বের করে আনার কাজ শুরু করে। বন্দুকধারী পরে পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশের পাল্টা গুলিতে তার মৃতু হয় বলে জানিয়েছেন ভার্জিনিয়ার পুলিশপ্রধান জেমস কারভেরা।
ওই ভবনগুলোর একটিতে কর্মর মেগান ব্যান্টন নামে এক ব্যক্তি স্থানীয় টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ‘আমরা কেবল মানুষের চিত্কার ও কান্না শুনেছি। সবাই সবাইকে নিচে বসে পড়তে বলছিলেন। আরেক কর্মচারী বলেন তারা বন্দুকের গুলির শব্দ শুনেছেন তবে এত কাছে বন্দুকের গুলি চলছে তা বুঝতে পারেননি তারা।’ পুলিশের ধারণা, বন্দুকধারী একাই এই হামলা চালিয়েছে।
সরকারি ভবনে বন্দুকধারীর হামলার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ঘটনাটির তদন্তে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। ভার্জিনিয়া বিচের মেয়র রবার্ট ডায়ার বলেছেন, ‘শহরের ইতিহাসে এটি সবচেয়ে ধ্বংসাত্মক দিন।’ তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে রওনা হওয়ার কথা জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর রালফ নর্থহাম। প্রসঙ্গত, মার্কিন নজরদারি ওয়েবসাইট গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী চলতি বছরে যুক্তরাষ্ট্রে এটা ছিল ১৫০তম নির্বিচার গোলাগুলির ঘটনা।
