খাদ্যমন্ত্রী সাধন চদ্র মজুমদার বলেছেন, ২৬ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরব দীপ্ত দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের বুকে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন। আমরা পাই স্বাধীন দেশ, লাল সবুজ পতাকা।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সকালে নওগাঁয় শহরের মুক্তির মোড়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন শেষে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের কাছে আমাদের এই স্বাধীনতার গৌরবগাঁথা পৌঁছে দিতে হবে। একদিন তাদের হাত ধরে এই দেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে।
পরে একে একে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, জেলা বীর মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা খাদ্য অফিস, পৌরসভা, নওগাঁ মেডিকেল কলেজসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ শহীদদের প্রতিগভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
