গৌরনদীতে র‌্যাবের হাতে বোমা কবির গ্রেফতার

আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৬:২৬

বন্দুক, হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী কবির মৃধা (৪৫) ওরফে বোমা কবিরকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। শনিবার (২৬ মার্চ) দুপুরে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতর কাছ থেকে একটি একনলা বন্দুক, সাতটি হাতবোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

সূত্রমতে, কবির মৃধা বোমা তৈরির কারিগর। দীর্ঘদিন ধরে বোমা তৈরি করে বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন তিনি। তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত কবির মৃধা গৌরনদীর বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামের মোহাম্মদ মৃধার ছেলে। 

গ্রেফতারের পর শনিবার দুপুরে গৌরনদী মডেল থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন র‌্যাব-৮ এর ডিএডি সাইফুল ইসলাম।

ইত্তেফাক/জেডএইচডি