জাতীয় পার্টি (জেপি)র নির্বাহী সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত বুধবার বিকেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুল ইসলামের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, আমি আওয়ামী লীগসহ ১৪ দলের পক্ষ থেকে নৌকার মাঝি হতে মনোনয়নপত্র দাখিল করেছি। আমি আশা করি, জোট আমাকেই মনোনয়ন দেবে। তবে দল যাকেই মনোনয়ন দিক আমরা সবাই তার পক্ষেই কাজ করবো। তাই শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আসন্ন নির্বাচনে সবাইকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। এতে আরো মনোনয়ন দাখিল করেছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল কাদের সিদ্দিকী, আওয়ামী লীগের হাসান ইমাম খান ও বিএনপির আব্দুল মতিন। এ সময় সাদেক সিদ্দিকীর সাথে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টি (জেপি) সভাপতি আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদার, সাধারণ সম্পাদক এসএম মানিক, সাংগঠনিক সম্পাদক হাসিম সিকদার, কালিহাতী উপজেলার সাধারণ সম্পাদক হুমায়ন কবির প্রমুখ।
