মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সকাল ৮টায় শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী।
বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান জানান, শনিবার সকালে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শহীদ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ শহীদ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
তিনি জানান, এরপর পর্যায়ক্রমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সার্ভিস এসোসিয়েশন নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক নেতৃবৃন্দ শহীদ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব আনার প্রদান করেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত বীর পুলিশ সদস্যরা পাক হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।
