স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে শনিবার (২৬ মার্চ) ভোরে (৫.৫৬.৫৪) ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা। রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দর এলাকায় অনুষ্ঠিত এ তোপধ্বনির নেতৃত্ব দেয় বাংলাদেশ সেনাবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী একটি আর্টিলারি রেজিমেন্টের ৬টি গান ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান-স্যালুট প্রদর্শন করে।
উল্লেখ্য, প্রতি বছরের মত এবারও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে স্বাস্থ্যবিধি মেনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
