পাকিস্তানে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের পর বড় সংকটের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার ( ২৮ মার্চ) জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার জন্য অধিবেশন বসবে। সপ্তাহ খানেকের মধ্যেই ভোটাভুটি হতে পারে। এ অবস্থায় ইমরান খানকে আগাম নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন তার স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ। গতকাল শনিবার তিনি বলেন, ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশের পর আগাম নির্বাচনের ঘোষণা দিন। কারণ প্রধানমন্ত্রী হিসেবে আপনার জনপ্রিয়তা এখন বাড়ছে।
ইসলামাবাদের এক অনুষ্ঠানে তিনি বলেন, আগাম নির্বাচনের এই পরিকল্পনা তার নিজের। এর সঙ্গে তার দলের কোনো সম্পর্ক নেই। তিনি দাবি করেন, বিরোধীদের অনাস্থা প্রস্তাবে প্রধানমন্ত্রী ইমরান খানের জনপ্রিয়তা আরো বাড়িয়েছে। এ কারণে আগাম নির্বাচনে যাওয়ার এটিই সময়।
ইমরানের কোনো তুরুপের তাস নেই: মরিয়ম নওয়াজ
বিরোধীদের অনাস্থা প্রস্তাব মোকাবিলায় তুরুপের তাস থাকার যে দাবি ইমরান খান করেছেন তা প্রত্যাখ্যান করেছেন মরিয়ম নওয়াজ। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম প্রধানমন্ত্রীকে আত্মসম্মান দেখিয়ে পদত্যাগের পরামর্শ দিয়েছেন।
শুক্রবার লাহোরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম বলেন, আজ ইমরান খান সাহায্যের জন্য মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু জনগণের সহায়তা নয়, তিনি অন্য কাউকে সামনে এগিয়ে আসতে বলছেন আর তার সরকার রক্ষায় সহায়তা চাইছেন। ইমরানের কাছে কোনো তুরুপের তাস নেই, তার সরকারের দিন ঘনিয়ে এসেছে। প্রধানমন্ত্রী নিজ দলের সদস্যদের হুমকি দিচ্ছেন দাবি করে মরিয়ম বলেন, ইমরান ক্ষমতায় রয়েছেন, তার পরও ২৪ জনের বেশি আইনপ্রণেতা তাকে ছেড়ে গেছেন।
প্রসঙ্গত, এ মাসের শুরুর দিকে বিরোধী দলগুলোর একটি জোট এই অনাস্থা প্রস্তাব আনে। এই জোট বলছে, প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টি থেকে একদল এমপি বেরিয়ে যাবার পর তিনি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন।
