ঈদে পোশাক শ্রমিকদের জন্য বিআরটিসির ৩০ স্পেশাল বাস

আপডেট : ০১ জুন ২০১৯, ২২:০৬

বিশেষ প্রতিনিধি

ঈদে এবার পোশাক শ্রমিকদের জন্য ৩০টি বাস বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

সোমবার সকাল থেকে গাজীপুরের চৌরাস্তায় এসব বাস অবস্থান করবে। ওই দিন থেকে ঈদের আগের দিন পর্যন্ত বিভিন্ন পোশাক কারখানা ছুটির পর এসব বাসে করে চাহিদা অনুযায়ী বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারবেন পোশাক শ্রমিকরা।

এ ব্যাপারে বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন ট্রাক)  মনিরুজ্জামান বাবু জানান, ঈদের সময় পোশাক কারখানা ছুটি হওয়ার পর শ্রমিকরা পরিবহন সংকটে থাকেন। এতে করে তারা অনেক ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। এ জন্য আমরা এবছর ৩০টি বাস দিয়েছি পোশাক শ্রমিকদের জন্য।

এগুলো আগামী ৩ জুন থেকে গাজীপুরের চৌরাস্তায় অবস্থান করবে। সেখান থেকে চাহিদা অনুযায়ী বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এছাড়া ঈদে সাধারণ যাত্রীদের সার্ভিস দেওয়ার জন্য বিআরটিসির বিভিন্ন ডিপোতে আরো ৫০টি বাস রিজার্ভ রাখা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিআরটিসি।