জলাবদ্ধতা নিরসনে কালশী খাল থেকে ৪০ ট্রাক ময়লা পরিষ্কার

আপডেট : ০১ জুন ২০১৯, ২২:০৬

ইত্তেফাক রিপোর্ট

জলাবদ্ধতা নিরসনে মিরপুরের কালশী খাল থেকে প্রায় ৪০ ট্রাক ময়লা পরিষ্কার করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসময় খাল থেকে লেপ-তোষক, মশারি এমনকি আসবাবপত্রও উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। মিরপুর এলাকার জলাবদ্ধতা নিরসনকল্পে গতকাল কালশী থেকে বাউনিয়া খাল পর্যন্ত প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে এক হাজার ১৮৮ মিটার দীর্ঘ বাইপাস পাইপ ড্রেন সংযোগের উদ্বোধন করেন মেয়র। এসময় তিনি খালকে ডাস্টবিনে পরিণত এবং যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

মেয়র বলেন, ডিএনসিসি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয় এমন সকল স্থানে ওয়াসা এবং অন্যান্য কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মেয়র আরো বলেন, ঈদের পরে ডিএনসিসি এলাকার সকল ফুটপাত এবং রাস্তা থেকে অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ নান্নু, মোবাশ্বের চৌধুরী, সাংবাদিক আবাসিক এলাকা সমবায় সমিতির সভাপতি নুরুল হুদা, ডিএনসিসির প্রধান নিবার্হী কর্মকর্তা মোঃ আব্দুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শরিফ উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী এনামুল কবির উপস্থিত ছিলেন।